পটুয়াখালী প্রতিনিধিঃ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে পটুয়াখালীতে ব্যাপক লোকসমাগমের মধ্য দিয়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পটুয়াখালী শহরের ঝাউতলায় জেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পূর্বঘোষিত এ কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই জেলার আটটি উপজেলা ও বিভিন্ন পৌর এলাকা থেকে বিএনপি এবং তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। হাতে ব্যানার-ফেস্টুন এবং কণ্ঠে রাজনৈতিক স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ঝাউতলা এলাকা। জেলা বিএনপির দাবি অনুযায়ী, কর্মসূচিটিতে প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মজিবুর রহমান টোটনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র মোশতাক আহমেদ পিনুসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ নেতারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাসের পথ বেছে নিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তবে বিএনপি ও দেশের সাধারণ জনগণ এ ধরনের দেশবিরোধী চক্রান্ত কখনো মেনে নেবে না। অবিলম্বে এই নৈরাজ্য ও সন্ত্রাস বন্ধ করা না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে রাজপথে কঠোর প্রতিহত করার হুঁশিয়ারি দেন তাঁরা।
দলীয় পুনর্গঠন ও নীতিগত বিষয়ে বক্তারা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর কোনো কমিটিতে ‘হাইব্রিড নেতা’, মাদকসেবী কিংবা মাদক ব্যবসায়ীদের কোনো ঠাঁই হবে না। দলের বিগত দিনের ত্যাগী, পরীক্ষিত ও নির্যাতিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করেই আগামী দিনের কমিটি গঠন করা হবে। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বজায় থাকবে বলে নেতারা পুনর্ব্যক্ত করেন।
মন্তব্য করুন