পটুয়াখালী প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, পটুয়াখালী জেলা শাখার আগামী তিন বছরের জন্য ৫৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ও ২ সদস্যের আজীবন উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছে সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ।
পূর্ববর্তী কমিটির মেয়াদ শেষ হওয়ায় চলতি বছরের ১৬ মে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তীতে পটুয়াখালী জেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গাজী মোঃ মজিবুর রহমান (সাবেক জেলা নাজির), কার্যকরী সভাপতি-১ মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস (স্বাস্থ্য পরিদর্শক ইন-চার্জ) এবং সাধারণ সম্পাদক সেলিনা আক্তারের সুপারিশক্রমে প্রস্তুতকৃত তালিকা কেন্দ্রীয় কার্যালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়।
এরই ভিত্তিতে গত ১২ জুলাই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোঃ ওয়ারেছ আলী এবং সাধারণ সম্পাদক খায়ের আহমেদ মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন লাভ করে।
অনুমোদিত কমিটিতে পটুয়াখালী জেলা রেজিস্ট্রি অফিসের প্রশাসনিক কর্মকর্তা সেলিনা আক্তার-কে সভাপতি, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক (ইন-চার্জ) মোঃ শহিদুল ইসলাম বিশ্বাস-কে কার্যকরী সভাপতি-১, পটুয়াখালী পরিবার পরিকল্পনা অফিসের সুপার মোঃ জাকির হোসেন-কে কার্যকরী সভাপতি-২ এবং পটুয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের জারীকারক মোঃ আসাদুজ্জামান (জামাল)-কে সাধারণ সম্পাদক, পটুয়াখালী সদর উপজেলা স্বাস্থ্য অফিসের মোঃ দেলোয়ার হোসেন-কে সাংগঠনিক সম্পাদক-১ ও মোঃ সোহরাব হোসেন-কে সাংগঠনিক সম্পাদক-২ এবং জেলা কোর্টের পেশকার মোঃ সুজন-কে সাংগঠনিক সম্পাদক করে সর্বমোট ৫৫ সদস্য বিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিক অনুমোদন প্রদান করা হয়।
এছাড়া পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সাবেক জেলা নাজির আলহাজ্ব গাজী মোঃ মজিবর রহমান এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সাবেক স্বাস্থ্য পরিদর্শক (ইন-চার্জ) মোঃ মোখলেছুর রহমান-কে ২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির আজীবন উপদেষ্টা মনোনীত করা হয়েছে।
অনুমোদিত এই নতুন নেতৃত্ব আগামী তিন বছর পটুয়াখালী জেলার সরকারি কর্মচারীদের সার্বিক কল্যাণ, স্বার্থরক্ষা ও যৌক্তিক অধিকার আদায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।
মন্তব্য করুন