ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে; জানিয়েছে, হামলায় ২৫৪ শিশু নিহত হয়েছে। জাতিসংঘে নিযুক্ত ইরানের উপ-রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানি বেসামরিক নাগরিকদের ওপর যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন। তিনি জানান, তাদের চালানো হামলায় ২৫৪টি শিশু প্রাণ হারিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তিনি বলেন, “ইরান এই যুদ্ধের শিকার, কোনো আগ্রাসী পক্ষ নয়।” দারজি অভিযোগ করেন যে, এই দুই দেশ পরিকল্পিতভাবে আবাসিক এলাকা, স্কুল, হাসপাতাল, বিমানবন্দর, জ্বালানি স্থাপনা এবং অন্যান্য বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে। তিনি বলেন, “যুক্তরাষ্ট্র একদিকে আগ্রাসন চালাবে ও বিপুল সংখ্যক বেসামরিক নাগরিকের মৃত্যুর কারণ হবে, আর অন্যদিকে এই পরিষদকে ব্যবহার করে নিজেদের ভুক্তভোগী হিসেবে তুলে ধরবে—তা হতে পারে না।” এই কূটনীতিক এমন কিছু শিশুর ছবিও প্রদর্শন করেন, যারা তার ভাষ্যমতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছে; এর মধ্যে একটি স্কুলে নিহত শিশুদের ছবিও ছিল। তিনি জানান, এই ছবিগুলো সেই ২৫৪টি শিশুর মধ্যে মাত্র কয়েকজনের, যারা এসব হামলায় প্রাণ হারিয়েছে। তিনি আরও বলেন, “যারা এই জঘন্য অপরাধগুলোর নির্দেশ দিয়েছে, বাস্তবায়ন করেছে এবং এতে সহায়তা করেছে, তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনতে হবে; কোনোভাবেই তারা দায়মুক্তি পেতে পারে না।”
মন্তব্য করুন