পটুয়াখালী প্রতিনিধিঃ
ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে আকস্মিক সফরে আসেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান।
বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পটুয়াখালী বাস টার্মিনালে সাংবাদিকদের সঙ্গে এক প্রেস ব্রিফিংয়ে ডিআইজি মোস্তাফিজুর রহমান জানান, ঈদকে কেন্দ্র করে বরিশাল রেঞ্জ ও পটুয়াখালী জেলা পুলিশ নিজস্ব কর্মপরিকল্পনা ও অপারেশন প্ল্যান গ্রহণ করেছে। যাত্রীদের নির্বিঘ্ন ও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে বাড়ানো হচ্ছে নজরদারি। এর মূল লক্ষ্য হচ্ছে মহাসড়ক, বাসস্ট্যান্ড ও লঞ্চঘাটে যেকোনো ধরনের চাঁদাবাজি প্রতিরোধ করা। একই সঙ্গে চুরি, ডাকাতি, পকেটমারি, ছিনতাই, ‘মলম পার্টি’ সহ ‘অজ্ঞান পার্টি’র মতো অপরাধ দমনে বিশেষ ব্যবস্থা নেওয়া।
তিনি আরও বলেন, “জনসাধারণ যেনো নিরাপদে ও নির্বিঘ্নে ঈদযাত্রা করতে পারে, সেটাই আমাদের প্রধান অগ্রাধিকার। এজন্য মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখা হয়েছে।”
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আবু ইউসুফ (বিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন এবং জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির। এছাড়াও জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন